
মেট্রোরেলে অসুস্থ বোধ করে বসার জন্য সহযাত্রীদের কাছে জায়গা চেয়েও পাননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নজীবুর রহমান। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে তাঁর মৃত্যু হয় বলে জানিয়েছেন তাঁর ছেলে নকিবুর রহমান।
মেট্রোরেলে যাতায়াতের সময় অসুস্থ বোধ করে বসার জন্য সহযাত্রীদের কাছে জায়গা চেয়েও পাননি জাতীয় বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক নজীবুর রহমান। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে নিচে পড়ে তাঁর মৃত্যু হয়।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান তাঁর ছেলে নকিবুর রহমান।
পোস্টে তিনি জানান, গত ২৪ অক্টোবর দুপুরে তাঁর বাবা মেট্রোরেলে শাহবাগ থেকে উত্তরা যাওয়ার পথে শেওড়াপাড়া স্টেশনের কাছাকাছি স্ট্রোক করে মারা যান।
নকিবুর রহমান বলেন, মৃত্যুর আগে তাঁর বাবা শারীরিকভাবে অসুস্থ বোধ করছিলেন। এ সময় আশপাশের যাত্রীদের কাছে বসার জন্য জায়গা চাইলেও কেউ তাঁকে বসার সুযোগ দেননি। পরে দাঁড়িয়ে থাকা অবস্থায় স্ট্রোক করে তিনি নিচে পড়ে যান।
বাবার মৃত্যুর ঘটনা উল্লেখ করে নকিবুর রহমান লেখেন, আল্লাহ তাঁর মৃত্যুকে সহজ করে দিয়েছেন। তবে সন্তান হিসেবে বিষয়টি মেনে নেওয়া তাঁর জন্য কষ্টকর। কারও প্রতি রাগ বা অভিমান না থাকলেও তিনি সবাইকে বয়স্ক ও প্রবীণ ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল ও বন্ধুসুলভ আচরণ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, চলাফেরার পথে বয়স্ক মানুষদের যে অবস্থাতেই দেখা হোক না কেন, তাঁদের প্রতি মানবিক আচরণ করা উচিত। আজ যাঁকে উপেক্ষা করা হচ্ছে, তিনি নিজের বাবা না হলেও অন্য কারও বাবা।