প্রিন্ট এর তারিখঃ Nov 7, 2026 ইং || প্রকাশের তারিখঃ Nov 7, 2026 ইং
সাংবাদিকদের প্রতিবাদে অনুষ্ঠান থেকে বাদ পরীমণি, আমন্ত্রণ পেতে পারেন অপু বিশ্বাস-বুবলী

সাংবাদিকদের প্রতিবাদ ও আপত্তির মুখে চট্টগ্রামে আয়োজিত ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমণিকে বাদ দিয়েছেন আয়োজকরা। তার পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
চট্টগ্রামে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া ‘ফ্যাশন ভ্যান গার্ড ২০২৬’ অনুষ্ঠানের অতিথির তালিকা থেকে চিত্রনায়িকা পরীমণির নাম বাদ দেওয়া হয়েছে। ঢাকার আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে সাম্প্রতিক বাগ্বিতণ্ডার ঘটনায় তাকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো নিয়ে সাংবাদিকদের মধ্যে আপত্তি দেখা দেওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকরা।
শনিবার (৭ নভেম্বর) আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেন অনুষ্ঠানের মিডিয়া সমন্বয়ক ও অংশীদার খালেদ সুমন।
তিনি জানান, আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমণির ঘটনার আগেই অনুষ্ঠানে অংশগ্রহণের বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে গণমাধ্যমকর্মীদের প্রতিবাদ ও অনুরোধের পরিপ্রেক্ষিতে অতিথির তালিকা থেকে তার নাম বাদ দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের বিষয়টি পরীমণিকেও জানানো হয়েছে। পাশাপাশি পরিবর্তিত অতিথি তালিকা দিয়ে নতুন পোস্টার প্রকাশ করেছেন আয়োজকরা।
খালেদ সুমন আরও জানান, অনুষ্ঠানে দেশের বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন তারকা উপস্থিত থাকবেন। পরীমণির পরিবর্তে অভিনেত্রী অপু বিশ্বাস অথবা শবনম বুবলীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা রয়েছে। তবে এখনো কাউকে চূড়ান্ত করা হয়নি।
আগামী ২৮ নভেম্বর চট্টগ্রাম নগরের খুলশী এলাকার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানটি আয়োজনের কথা রয়েছে।
এর আগে শুক্রবার (৬ নভেম্বর) পরীমণি তার যাচাইকৃত ফেসবুক অ্যাকাউন্টে অনুষ্ঠানের পোস্টার প্রকাশ করে লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’ পোস্টারটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি হয়। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে অতিথি নির্বাচনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানান।
একটি জাতীয় দৈনিকের চট্টগ্রাম প্রতিনিধি পোস্টারটি শেয়ার করে সংশ্লিষ্ট সাংবাদিকের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বিষয়টি মীমাংসা না হলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজার পরামর্শ দেন। পরবর্তী সময়ে চট্টগ্রামের একাধিক সাংবাদিক সংগঠন অনুষ্ঠানটি বয়কট ও প্রতিহতের ঘোষণা দেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এক সাংবাদিকের সঙ্গে পরীমণির বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরীমণি ও তার দেহরক্ষীদের অভিযোগ, ওই সাংবাদিক তার গায়ে হাত দিয়েছিলেন। অন্যদিকে সাংবাদিকের অভিযোগ, ভিডিও ধারণের সময় পরীমণি তার মুঠোফোন কেড়ে নেন এবং ট্রাইপড ভেঙে ফেলেন। পরে তিনি নিজের মুঠোফোনটি ফিরিয়ে নেন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ দিনের সংবাদ অনলাইন