
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ১৮০ দিনে ৫০০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়েছে। এসব অভিযানে মোট ২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য মো. রাশেদুল ইসলাম রাশেদের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।
এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
খাদ্যমন্ত্রী বলেন, নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ঝুঁকিভিত্তিক পদ্ধতিতে বিভিন্ন খাদ্যস্থাপনা, আড়ত এবং পাইকারি ও খুচরা খাদ্য ব্যবসাপ্রতিষ্ঠানে নিয়মিত মনিটরিং চালিয়ে যাচ্ছে।
এর পাশাপাশি খাদ্য ব্যবসায়ীদের প্রশিক্ষণ, কাউন্সেলিং, সভা, সেমিনার ও কর্মশালার মাধ্যমে নিরাপদ খাদ্য বিষয়ে সচেতন করা হচ্ছে।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে ১৭ আগস্ট ২০২৬ পর্যন্ত ১৮০ দিনে মোট ৭ হাজার ৭৬৬টি খাদ্যস্থাপনা মনিটরিং করা হয়েছে। এ সময় নিরাপদ খাদ্য আইনসহ অন্যান্য আইনের আওতায় ৫০০টি ভেজালবিরোধী মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়।
এসব অভিযানে মোট ২ কোটি ৪০ লাখ ৪৫ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ কার্যক্রম অব্যাহত রয়েছে।