
উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করা, তাদের অর্থায়ন এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার লক্ষ্যেই ‘উদ্যোগ’ নামে নতুন এ কর্মসূচি চালু করছে কেন্দ্রীয় ব্যাংক।
বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে কর্মসূচিটির ঘোষণা দেওয়া হয়। এতে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান, সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ‘উদ্যোগ’ কোনো প্রতিযোগিতা কিংবা প্রচলিত ঋণ কর্মসূচি নয়। তফসিলি ব্যাংকগুলো তাদের বিদ্যমান শাখা নেটওয়ার্কের মাধ্যমে উপজেলা পর্যায় থেকে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তা খুঁজে বের করবে। এরপর আবেদনকারীর ব্যবসায়িক ধারণা, প্রয়োজনীয় অর্থের পরিমাণ এবং উদ্যোগটির সম্ভাব্যতা যাচাই করে অর্থায়নের ব্যবস্থা করা হবে।
কর্মসূচির আওতায় নির্বাচিত উদ্যোক্তার ব্যবসার প্রয়োজন অনুযায়ী অর্থায়ন করা হবে। এর সর্বোচ্চ ৫০ শতাংশ বা ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়ার সুযোগ থাকবে। বাকি সর্বোচ্চ ১০ লাখ টাকা দেওয়া হবে ব্যাংকঋণ হিসেবে।
ঋণের সুদের হার নির্ধারণ করা হয়েছে ৪ থেকে ৭ শতাংশ। তরুণ উদ্যোক্তাদের জন্য এ ঋণ সম্পূর্ণ জামানতবিহীন থাকবে।
তবে নির্ধারিত সময়ের মধ্যে ঋণ পরিশোধে ব্যর্থ হলে অনুদান হিসেবে পাওয়া অর্থও সুদমুক্ত ঋণে রূপান্তরিত হবে। এরপর প্রচলিত ব্যাংকিং নিয়ম অনুযায়ী সংশ্লিষ্ট ঋণ হিসাব শ্রেণিকৃত করা হবে। ফলে উদ্যোক্তা খেলাপি হিসেবে বিবেচিত হবেন এবং ভবিষ্যতে নতুন ঋণ পাওয়ার যোগ্যতা হারাতে পারেন।
আবেদনের শেষ তারিখে বয়স সর্বোচ্চ ২৮ বছর এমন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক এ কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট উপজেলার বাসিন্দা হতে হবে।
এক্ষেত্রে আগের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকা বাধ্যতামূলক নয়। বাস্তবসম্মত ও সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণা থাকলেই আবেদন করার সুযোগ থাকবে।
কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, হস্তশিল্প, মৎস্য, প্রাণিসম্পদ, পর্যটন, সেবা ও প্রযুক্তিভিত্তিক উদ্যোগসহ সব ধরনের বৈধ ব্যবসা এ কর্মসূচির আওতায় থাকবে।
আবেদনের জন্য কোনো ফি দিতে হবে না। নির্ধারিত ফরমে সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করা যাবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলার জারির পর এক মাসের মধ্যে আবেদন করতে হবে।
প্রথম পর্যায়ে দেশের আট বিভাগের একটি করে জেলা নিয়ে ‘উদ্যোগ’ কর্মসূচি শুরু করা হবে। জেলাগুলো হলো—মানিকগঞ্জ, ফেনী, নওগাঁ, ঝিনাইদহ, ভোলা, হবিগঞ্জ, রংপুর ও নেত্রকোনা।
এই আট জেলার ৬৪টি উপজেলায় প্রথম ধাপে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে। প্রতিটি উপজেলা থেকে ১০ জন করে মোট ৬৪০ জন তরুণ উদ্যোক্তাকে নির্বাচন করা হবে।
পরবর্তী সময়ে দেশের অন্যান্য জেলার উপজেলাতেও কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে। ধারাবাহিকভাবে প্রতি বছর ৫ হাজার তরুণ উদ্যোক্তাকে অর্থায়ন ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে বাংলাদেশ ব্যাংক।
তরুণদের শুধু অর্থায়ন নয়, ব্যবসা পরিচালনায় প্রয়োজনীয় দক্ষতা ও সক্ষমতা বাড়াতেও সহায়তা দেওয়ার উদ্যোগ থাকবে। অর্থায়নের পাশাপাশি তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও অন্যান্য সহযোগিতা দেওয়ার মাধ্যমে সম্ভাবনাময় ব্যবসায়িক ধারণাগুলোকে বাস্তব উদ্যোগে রূপ দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে।