অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

টেক্সটাইল শিক্ষার মান ও গবেষণা বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির

দেশের টেক্সটাইল খাতের চাহিদা মেটাতে আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরি এবং বিদেশি বিশেষজ্ঞনির্ভরতা কমানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে টেক্সটাইল শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গুরুত্ব দিয়েছেন তিনি।


বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিনের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধিদল রোববার (২৫ অক্টোবর) বঙ্গভবনে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় রাষ্ট্রপতি টেক্সটাইল খাতের জন্য দেশেই আন্তর্জাতিক মানের দক্ষ ও বিশেষজ্ঞ প্রকৌশলী তৈরির ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকালে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও বুটেক্সের অ্যালামনাই সদস্য ইঞ্জিনিয়ার সানজিদা ইসলাম উপস্থিত ছিলেন। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

টেক্সটাইলকে দেশের প্রধান অর্থনৈতিক খাত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, শিক্ষার্থীরা যেন দেশে ও বিদেশে উপযুক্ত কর্মসংস্থানের সুযোগ পান, সেদিকে গুরুত্ব দিতে হবে। এর মাধ্যমে দেশের দক্ষ জনশক্তির যথাযথ ব্যবহার নিশ্চিত হওয়ার পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ তৈরি হবে।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের টেক্সটাইল শিল্পের কাঁচামালের চাহিদা মেটাতে তুলার দেশীয় উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান। এ লক্ষ্যে কৃষকদের উৎসাহিত করা, উৎপাদন ব্যয় কমানোর উপায় বের করা এবং কৃষি ও টেক্সটাইল খাতের মধ্যে সমন্বয় বাড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন তিনি।

পাট, আনারসের পাতা ও কলাগাছসহ বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে তন্তু সংগ্রহের পাশাপাশি সিনথেটিক সুতা তৈরির সম্ভাবনা নিয়ে গবেষণা আরও জোরদারের ওপরও গুরুত্ব দেন রাষ্ট্রপতি।

সাক্ষাতে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের টেক্সটাইল ও তৈরি পোশাকশিল্পের বিকাশে বুটেক্সের ভূমিকা এবং বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

তারা বুটেক্সের অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক গবেষণাগার স্থাপন, প্রয়োজনীয় জনবল বৃদ্ধি, বিসিএস (টেক্সটাইল) নামে পৃথক ক্যাডার সৃষ্টি, বাজেট সম্প্রসারণ এবং ঢাকার পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস স্থাপনের জন্য জমি বরাদ্দসহ বিভিন্ন বিষয়ে রাষ্ট্রপতির দৃষ্টি আকর্ষণ করেন।

রাষ্ট্রপতি প্রতিনিধিদলের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো সমাধানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়ার পাশাপাশি সহযোগিতার আশ্বাস দেন।

এ সময় উপাচার্য আগামী বছরের মার্চে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তনে ‘রাষ্ট্রপতি ও চ্যান্সেলর’ হিসেবে সভাপতিত্ব করার জন্য রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতি আমন্ত্রণ গ্রহণ করে অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন বুটেক্সের ফ্যাকাল্টি অব টেক্সটাইল ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস স্টাডিজের ডিন অধ্যাপক ড. মো. আহসান হাবীব, ফ্যাকাল্টি অব টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক শিল্পী আক্তার, ফ্যাকাল্টি অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. হাসিনা আখতার, ফ্যাকাল্টি অব টেক্সটাইল কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. রাশেদা বেগম দিনা এবং ফ্যাকাল্টি অব ফ্যাশন ডিজাইন অ্যান্ড অ্যাপারেল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক ড. লামইয়া জাহির।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় শুরু আন্তর্জাতিক পর্যটন মেলা বিটিটিএফ ২০২৬, অংশ নিচ্ছে

1

সরকার ও দল সামলাতে নতুন চ্যালেঞ্জে বিএনপি

2

২০২৭ সালের পাঠ্যবইয়ে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃত

3

তারেক রহমানকে ট্রাম্পের চিঠি, ‘সাক্ষাতের অপেক্ষায় আছি’

4

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে মেয়াদোত্তীর্ণ পাউরুটি বিতরণের অ

5

চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

6

জাপান থেকে রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নি

7

তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি

8

বিশ্বের বৃহত্তম বাণিজ্যিক জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

9

ফুলবাড়ীতে বজ্রপাতে যুবকের মৃত্যু, বাবা হাসপাতালে

10

জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

11

চাঁদাবাজি করলে বহিষ্কার, যুবদল নেতাদের হুঁশিয়ারি এমপি জালালে

12

বেগম খালেদা জিয়ার কারামুক্তির দিন আজ

13

জামায়াতের লংমার্চে সাধারণ মানুষের সাড়া নেই: রাশেদ খাঁন

14

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

15

ফুলবাড়ীতে স্বামীর খুন্তির আঘাতে গৃহবধূ নিহত, স্বামী আটক

16

খেলাধুলার সঙ্গে লেখাপড়া ও সংস্কৃতিতেও এগিয়ে যেতে হবে: প্রধান

17

ঢাকা ওয়াসা ভবনে বিক্ষোভ ও প্রতিবাদ সভা

18

আমি চুয়েটের শিক্ষার্থী, তাই আবেগ ও দায়বদ্ধতাও বেশি : চুয়েটের

19

আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বৈচিত্র্যের সম্মান ও সমঅধিকার

20