অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 31, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংগঠিত ও দক্ষ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ: রাষ্ট্রপতি

সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজকে দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন তিনি।


আগামীকাল ১ নভেম্বর জাতীয় যুব দিবস-২০২৬। দিবসটি উপলক্ষে আজ দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যুবসমাজ একটি জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের অন্যতম প্রধান চালিকাশক্তি। সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজ দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ।

রাষ্ট্রপতি বলেন, দেশের প্রতিটি বড় গণতান্ত্রিক অর্জনে তরুণরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। ঐতিহাসিক ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের দশকের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে তাঁদের অবদান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, যুবসমাজকে দক্ষ ও উৎপাদনশীল মানবসম্পদে পরিণত করা সম্ভব হলে স্বনির্ভর, উন্নত ও আধুনিক বাংলাদেশ গড়ার অগ্রযাত্রা আরও ত্বরান্বিত হবে।

জাতীয় যুব দিবসের এবারের প্রতিপাদ্য ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ যথার্থ উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। এই তরুণ জনগোষ্ঠী দেশের উন্নয়নের সবচেয়ে বড় সম্ভাবনার প্রতিনিধিত্ব করে।

অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন নিশ্চিত করা এবং ২০৩০ সালের মধ্যে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে এ জনমিতিক সুবিধার যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, এ লক্ষ্য অর্জনে মানসম্মত ও কর্মসংস্থানমুখী শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা, উন্নত স্বাস্থ্যসেবা এবং টেকসই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে।

তিনি স্মরণ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবসমাজকে উৎপাদনশীল জনশক্তিতে রূপান্তরের লক্ষ্যে সমন্বিত পরিকল্পনা ও কর্মসূচির ভিত্তি স্থাপন করেছিলেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেই উদ্যোগকে আরও সুদৃঢ় করেন।

রাষ্ট্রপতি জানান, যুব উন্নয়ন কার্যক্রমকে শক্তিশালী ও আধুনিক করতে বর্তমান সরকার সরকারি ও বেসরকারি অংশীজনদের সম্পৃক্ত করে বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ গ্রহণ করেছে।

এসব কর্মসূচির আওতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং যুব উন্নয়ন অধিদপ্তর কৃষি, হস্তশিল্প, কারিগরি শিক্ষা, ফ্রিল্যান্সিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাসহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিচ্ছে। সরকারি ও বেসরকারি খাতের এসব উদ্যোগ তরুণদের উদ্যোক্তা ও স্বনির্ভর নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করে রাষ্ট্রপতি মাদকাসক্তি প্রতিরোধ, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধ এবং সামাজিক অবক্ষয় রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে যুবসমাজকে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দেন তিনি।

যুবসমাজের সার্বিক উন্নয়ন ও কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি ন্যায়ভিত্তিক ও মানবিক রাষ্ট্র গঠনে সরকার, বেসরকারি খাত, সামাজিক সংগঠন, বিত্তবান ব্যক্তি ও পরিবারগুলোকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান রাষ্ট্রপতি।

তিনি বলেন, ‘যুবসমাজের মর্যাদাপূর্ণ কর্মসংস্থান ও উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করাকে আমাদের সম্মিলিত অঙ্গীকার হিসেবে গ্রহণ করতে হবে।’

বাণীর শেষাংশে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সার্বিক সাফল্য কামনা করেন রাষ্ট্রপতি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, নতু

1

সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম, চড়া অধিকাংশ সবজিও

2

কিউআর কোডে শনাক্ত হবে ব্যাটারিচালিত অটোরিকশা

3

ফরহাদ হোসেন হত্যার বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে মানববন্

4

আমদানি ব্যয় ও ভর্তুকির চাপ সামলাতে জ্বালানি তেলের দাম বাড়ল

5

সরকারের সরলতাকে দুর্বলতা ভাবলে ভুল হবে: চিফ হুইপ

6

জামানত ছাড়াই তরুণদের ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

7

৫৩ বছর দেশ শাসনকারীরা নতুন আশা দেখাতে পারবে না: চরমোনাই পীর

8

ফুলবাড়ীতে অটোরিকশা চালক হত্যা, ছিনতাইকৃত যানসহ আটক ১

9

৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারে নিয়োগ পেলেন ৬১১ জন

10

৮১ বছরে জাতিসংঘ: বিশ্বশান্তি ও মানবাধিকার রক্ষায় কার্যকর সংস

11

ফুলবাড়ীতে সার ব্যবসায়ীর ১ মাসের কারাদণ্ড

12

গণভোটে অনড় শফিকুর, আপসের সব প্রস্তাব প্রত্যাখ্যান

13

মুক্তমত প্রকাশ–সংক্রান্ত ও গায়েবি মামলা ফেব্রুয়ারির মধ্যে প্

14

খালেদা জিয়াকে ফুড পয়জনিংয়ের অভিযোগ, তদন্ত দাবি রিজভীর

15

গ্রামীণ সড়ক বেহাল, ইউএনও বাসভবনে বিলাসী প্রকল্পের অভিযোগ

16

পঞ্চগড়ে নসিমনের ধাক্কায় বাইসাইকেল আরোহীর মৃত্যু

17

জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বাড়ল, বিদ্যুৎ-শিল্পে স্বস্তির আভাস

18

অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

19

সুষম বণ্টন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান বিরোধীদলীয় ন

20