শ্রমিকদের মুক্তি, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, এলপিজি সিলিন্ডারের বাজারে সিন্ডিকেট ভাঙাসহ পাঁচ দফা দাবিতে বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েতের আয়োজন করেছে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতি।
পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১১টায় রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে জমায়েত করবে বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ) ও কৃষক সমিতি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও তাঁদের মুক্তি, তৈরি পোশাকশিল্পে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ, এলপিজি সিলিন্ডারের বাজারে সিন্ডিকেট ভেঙে দেওয়া, শীতকালীন সবজির লাভজনক মূল্য নিশ্চিত করা এবং টিসিবির গ্রাহক কার্ডধারীদের জন্য পণ্য সরবরাহ অব্যাহত রাখার দাবিতে এ জমায়েত অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের (বিজিএমএ) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. আশরাফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের সংগঠক ও কৃষক সমিতির সভাপতি চাষী মাসুম, জাতীয় একতা পার্টির (জিইপি) মহাসচিব ডা. গোলাম মোর্শেদ হাওলাদার, মজলুম পার্টির চেয়ারম্যান সৈয়দ মো. সোহরাব হোসেন, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি হোসেন মো. লিটন এবং দেশ দরদী পার্টি বাংলাদেশের আহ্বায়ক ক্বারী মাওলানা বোরহান উদ্দিন চিশতি।
এ ছাড়া বক্তব্য দেবেন বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের (বিজিএমএ) ভারপ্রাপ্ত মহাসচিব মো. তোজামেল হক তাজেম, যুগ্ম মহাসচিব মো. মনজুর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক নকীব, মহিলা সম্পাদিকা সালমা আক্তার লিজা এবং বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি শ্রমিক আন্দোলনের সভাপতি মো. তিতুমীর চোকদার।
জমায়েতে জাতীয় ও দলীয় পর্যায়ের অন্যান্য নেতারাও বক্তব্য দেবেন বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।